এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে রহমান হালদারের জালে ধরা পড়েছে ৬ কেজি ওজনের একটি চিতল মাছ; যার দাম হয়েছে ৭ হাজার ৫শ টাকা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে মাছটি ধরা পড়ে।
জেলে রহমান হালদার বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে কয়েকজন মিলে নৌকা নিয়ে মাছ ধরার জন্য দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে বসে থাকি। আজ শুক্রবার জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে নদী থেকে জাল তুলে দেখি একটি চিতল মাছ। পরে দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা আমার কাছ থেকে ১২৫০ টাকা কেজি দরে মাছটি মোট ৭ হাজার ৫শ টাকায় কিনে নেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, আজ শুক্রবার চিতল মাছটি ১২৫০ টাকা কেজি দরে মোট ৭ হাজার ৫শ টাকায় আমি রহমান জেলের কাছ থেকে মাছটি কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি।