শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:২৭:২১

কিশোরের কান্ড মোবাইল কিনে না দেওয়ায়, উদ্ধারে আসতে হলো ফায়ার সার্ভিস

কিশোরের কান্ড মোবাইল কিনে না দেওয়ায়, উদ্ধারে আসতে হলো ফায়ার সার্ভিস

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীর তানোরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছে সুমন হোসেন (১৫) নামে কিশোর। এসময় বেশ কিছুক্ষণ চেষ্টা করে তাকে সেই খুঁটি থেকে নামাতে পারেননি পরিবারের সদস্য ও স্থানীয়রা। খবর পেয়ে সুমনকে উদ্ধারে ছুটে আসে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা গ্রামে এই ঘটনা ঘটে। সুমন হোসেন ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

মাহাতাব হোসেন জানান, সুমন বাকপ্রতিবন্ধী। বেশ কিছু দিন ধরে সে মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করে আসছিল। কিন্তু আজ দিবো, কাল দিবো করে কিনে দেওয়া হয়নি। শুক্রবার সকালেও মোবাইল ফোনের দাবি করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সুমন। এরপর প্রতিবেশীদের কাছে খবর পেয়েছি সে বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়েছে। অনেকক্ষণ চেষ্টা করেও নামাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক খুঁটিতে সুমনকে বৈদ্যুতিক খুঁটিতে দেখতে পেয়ে দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি জানানো হয়। সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে তার পরিবার ও তানোর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে প্রায় ২ ঘণ্টা পর ওই বাকপ্রতিবন্ধী কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কিশোরটি বর্তমানে সুস্থ রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

তানোর ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল রউফ বলেন, এক কিশোর বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যায়। প্রথমে তাকে নেমে আসতে বলা হলে সে নামছিল না। পরে মোবাইল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাকে নামিয়ে আনি। বৈদ্যুতিক খুঁটি উচ্চতা প্রায় ৩০ ফুট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে