শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১১:০৭:১৮

ছাত্রদলের নতুন কমিটির সদস্য সচিবকে মারধর

ছাত্রদলের নতুন কমিটির সদস্য সচিবকে মারধর

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটির সদস্য সচিবকে মারধর করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। ত্যাগীদের যথাযথ স্বীকৃতি ও স্থান না দিয়ে বিতর্কিতদের কমিটিতে নিয়ে আসার অভিযোগ তুলে বিক্ষোভও করেছেন তারা।

শুক্রবার বিকেলে সিটি কলেজের সামনে থেকে ছাত্রদলের আগের কমিটির যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান ও তাকাব্বুল ইসলাম সৈকতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। নগরীর মনিচত্বরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। এসময় তারা নানা স্লোগান দেন। 

প্রায় ঘণ্টাব্যাপী ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ কর্মসূচি শেষে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান। সেখানে আগে থেকে বসে থাকা নতুন ঘোষিত কমিটির সদস্য সচিব শামানুল হক হৃদয়কে দেখতে পেয়ে তার ওপর চড়াও হয়। বেশ কয়েকজন ঘিরে ধরে কিল ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে। পরে হৃদয়ের পক্ষের লোকজন আসলে পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে। 

আন্দোলনকারীরা জানান, গত বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত প্যাডে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে শামানুল হক হৃদয়কে সদস্য সচিব ও আবু সাঈদ হাসানকে আহ্বায়ক করা হয়।

আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটিতে যারা স্থান পেয়েছে তারা আওয়ামী শাসনামলে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়নি। ত্যাগ স্বীকারকারীদের উপেক্ষা করে কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি বাতিল করতে হবে। যারা কমিটিতে স্থান পেয়েছে তারা মাদক ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠান, বাজারে চাঁদাবাজি, ক্ষমতার দখল এবং সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত। সদস্য সচিব শামানুল হক হৃদয়কে একজন টিকটকার বলেও তারা দাবি করেন।

সিটি কলেজে ছাত্রদলের আগের কমিটির যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান বলেন, ত্যাগীদের মুল্যায়ন ন করায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। সদস্য সচিব শামানুল হক হৃদয় এনিয়ে কোনো মন্তব্য করেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে