রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২০:৩০

মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

এমটিনিউজ২৪ ডেস্ক : মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নাসিমুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, নাসিমুল ইসলাম চিকিৎসার উদ্দেশ্যে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। এসময় তার পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে তথ্য যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ২০২৪ সালের ৬ ডিসেম্বর গোদাগাড়ী মডেল থানায় নাসিমুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত অভিযোগ রয়েছে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাসিমুল ইসলাম ইমিগ্রেশন চেকপোস্টে হাজির হয়েছিলেন। তার তথ্য যাচাইয়ের সময় আইনগত জটিলতার বিষয়টি সামনে আসে। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।