বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:০৮:৩৬

নিষিদ্ধ আ. লীগের জেলা সাংগঠনিক সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

নিষিদ্ধ আ. লীগের জেলা সাংগঠনিক সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

এমটিনিউজ ডেস্ক : রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারা এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নাশকতার একাধিক মামলায় গ্রেপ্তার আব্দুস সামাদ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগমের অভিযোগ, গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ও তার দুই ছেলেকে জিম্মি করে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে দাবি করেন তিনি। পরে তাদের চিৎকারে আশপাশের বাসিন্দারা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা নাসিমা বেগম জানান, গভীর রাতে ওই বাড়ি থেকে চিৎকার ও শোরগোল শুনে প্রতিবেশীরা ছুটে যান। এ সময় কয়েকজনকে বাড়িতে আগুন দিয়ে দ্রুত চলে যেতে দেখেন তারা। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।

এদিকে বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও থানার ওসি ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।