রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:০৬:৪৮

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা

এমটিনিউজ ডেস্ক : শরীয়তপুর জেলা শহরে মধ্যরাতে ছাত্রলীগের এক নেতার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরার সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার পর উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার দাসার্ত্তা এলাকার মৃত আজাহার ফকিরের ছেলে আল আমিন (২৮) এবং একই এলাকার শাজাহান বন্দুকসীর ছেলে সাগর বন্দুকসী।

জেলা ছাত্রদলের সদস্য মাহাতাব মোর্শেদ মিহির জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে তারা সতর্ক অবস্থানে ছিলেন। শুক্রবার দিবাগত রাতে চৌরঙ্গী মোড়ে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ভুলুর ব্যবহৃত একটি মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন তারা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পরিচয় ও সেখানে আসার কারণ জানতে চান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ওই দুই ব্যক্তি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, আটকের পর স্থানীয় উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আটক দুজনের মধ্যে আল আমিন ছাত্রলীগ নেতা রাশেদুজ্জামান ভুলুর সহযোগী। তার বিরুদ্ধে আগেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। অপর আটক ব্যক্তি আল আমিনের সহযোগী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেছেন, তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তারা ওই সময় ঘটনাস্থলে এসেছিলেন। এ ছাড়া সড়কের পাশে পোড়ানো অবস্থায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। সেটি জব্দ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।