এমটিনিউজ২৪ ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের মাত্র কয়েক ঘণ্টা পর বাসরঘরে অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত আয়নাল ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ী আয়নাল হকের প্রথম স্ত্রী গত জুলাই মাসে দুই সন্তান রেখে মারা যান। পরবর্তী সময়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার রাতে রুবিনা খাতুন (২০) নামের এক তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন আয়নাল। কিন্তু বাসরঘরে যাওয়ার পরপরই তিনি হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। স্বজনেরা তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আনন্দের পরিবেশ মুহূর্তেই শোকাবহ পরিস্থিতিতে রূপ নেয়।