বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ০৮:০৮:৪৫

ইফতারের আগ মুহুর্তে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

ইফতারের আগ মুহুর্তে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪টা দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৯ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ৪ জনের লাশ রামপাল হাসপাতালে রয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর বাসটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল গণমাধ্যমকে বলেন, চারজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেনাজ মোশাররফ গণমাধ্যমকে বলেন, হাসপাতালে নারী, শিশুসহ ৯ জনের লাশ রয়েছে। এর মধ্যে ৮ জনের লাশ আনা হয় এবং আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তিনি মারা গেছেন।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের সবাই মাইক্রোবাসের যাত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে