শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৩:০৪

আড়াই কেজির রাজা ইলিশটি বিক্রি হলো ১২ হাজার ৯০০ টাকা

আড়াই কেজির রাজা ইলিশটি বিক্রি হলো ১২ হাজার ৯০০ টাকা

এমটিনিউজ২৪ ডেস্ক : ভোলার সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। ইলিশটি ঘাটে নিয়ে এলে নিলামে ১২ হাজার ৯০০ টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মো. লোকমান।

শুক্রবার (৪ আগস্ট) সকালে সদর উপজেলার ইলিশা তালতলি মৎস্যঘাটে নাগর হাজারির আড়তে মাছটি বিক্রি করা হয়।

এর আগে সাগর মোহনায় স্থানীয় মিরাজ মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। ঘাটে নিয়ে আসার পর বড় আকৃতির ইলিশটি দেখতে তালতলি ঘাটে ভিড় করে জেলে, মাছ ব্যবসায়ীসহ উৎসুক মানুষ।

জেলে মিরাজ মাঝি জানান, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে বঙ্গোপসাগর মোহনায় জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে রাজ ইলিশটি ধরা পড়ে।

পরে শুক্রবার সকালে ইলিশা তালতলি মাছ ঘাটের নাগর হাজারির আড়তে নিয়ে আসলে মাছটি দেখতে মানুষ ভিড় জমায়। পরে উন্মুক্ত নিলামে ১২ হাজার ৯০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী লোকমান বেপারী রাজা ইলিশটি কিনে নেন। সাধারণত এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না।
আড়তদার নাগর হাজারি বলেন, ‘মাঝে মাঝে তাদের এই ঘাটে বড় আকারের ইলিশ আসে।

তবে এটি এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। আমরা ঘাটের সব আড়তদাররা মাছটি কেনার জন্য ডাকে অংশ নিয়েছি। পরে লোকমান বেপারী সর্বোচ্চ দামে মাছটি কিনে নেন।’
ইলিশা ঘাটের লোকমান বেপারী বলেন, ‘মাছটি কিনতে পেরে আমি খুশি। ঘাটের ব্যবসায়ীরা সবাই ডাকে অংশ নিয়েছে, তার মধ্যে সর্বোচ্চ ১২ হাজার ৯০০ টাকা দিয়ে মাছটি কিনতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশাকরি ঢাকাতে মাছটি ভালো দামে বিক্রি করতে পারব।’ 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন, ‘মৌসুমের শেষ দিকে এসে নদীতে ও সাগরে বড় ইলিশ ধরা পড়া অবশ্যই একটি ভালো দিক। কারণ আমরা বলে থাকি মা ভালো তো, বাচ্চা ভালো। বড় ইলিশ বেশি ডিম দেয় এবং এর বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকের এই ইলিশটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে। সামনে যেহেতু ইলিশের ডিম দেওয়ার মৌসুম, তাই ধারণা করা যায় বড় ইলিশ নদীতে আসছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে