শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ০২:০৩:৪৮

বিএনপি অফিসে অগ্নিসংযোগ

বিএনপি অফিসে অগ্নিসংযোগ

এমটিনিউজ ডেস্ক : ভোলার লালমোহনে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে এ ঘটনা ঘটে। এতে পার্টি অফিসের সামনে থাকা একটি পান দোকান পুড়ে গেছে। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়দের ধারণা, শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা পার্টি অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি কেউ। রাতের আঁধারে ঘটনা ঘটায় জড়িতদের শনাক্ত করাও সম্ভব হয়নি বলে জানান তারা।

স্থানীয়রা জানান, মধ্যরাতে পার্টি অফিসে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে সামনের একটি পান দোকানে। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিভে যায়। ফলে আশপাশের অন্যান্য স্থাপনা রক্ষা পায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় কেউ আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে আগুন বেশি ছড়িয়ে পড়তে না পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার খবর পেয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।