এমটিনিউজ২৪ ডেস্ক : বগুড়ার ধুনট ও শেরপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নাশকতা, হামলা, অগ্নিসংযোগ এবং বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ধুনটে আওয়ামী লীগের ২ জন এবং শেরপুরে আওয়ামী লীগের ১ জন এবং যুবলীগের সাবেক এক নেতা রয়েছে।
ধুনট থানার কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, পৃথক দুটি নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, উপজেলার আড়কাটিয়া গ্রামের আলী সরকারের ছেলে কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫৫) এবং জোলাগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী লাভলু খন্দকার (৩৮)।
তাদের বিরুদ্ধে ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্যের গাড়িবহরে হামলা, অগ্নিসংযোগ এবং বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে করা পৃথক দুটি নাশকতার মামলা রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে শেরপুর উপজেলা ভবানিপুর ও টাকাধুকুরিয়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে পুলিশ নাশকতার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, উপজেলার টাকাধুকুরিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আব্দুল হাকিম (৫০) এবং ভবানীপুর গ্রামের মৃত অলিমুদ্দিন আকন্দের ছেলে ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোমিনুর রহমান (৫০)।
শেরপুর থানার কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, নাশকতা, বিস্ফোরক, হামলা ও ভাঙচুরসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।