এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর একে অপরকে দুষছেন দুদলের নেতারা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ফাজিল খাঁর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা যুবদলের সদস্য শাহেদুল আলম টিটু, বড়উঠান ইউনিয়ন কৃষক দলের সদস্য মঞ্জুর আলম, ছাত্রদল নেতা ইমনসহ ৮ জন আহত হন বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
অন্যদিকে জামায়াত নেতা আলমগীর, এনাম ও মামুনসহ ৮ থেকে ১০ আহত হন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়।
জামায়াতকে অভিযুক্ত করে দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ফারুক হোসেন জানান, নির্বাচনের দিন হিন্দুপাড়ার ভোটার নিয়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার রেশ ধরে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী দৌলতপুর জামে মসজিদে নামাজ পড়তে গেলে জামায়াতের যুব সংগঠনের সেক্রেটারির নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়।
এদিকে জামায়াতের কর্ণফুলী শাখার আমির মনির আবছার চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে স্থানীয় বিএনপি ও মা দ ক ব্যবসায়ী কর্তৃক জামায়াত কর্মীদের বাড়িতে দফায় দফায় হামলা করা হয়। পরে বিষয়টি সমাধানের জন্য জামায়াতের নেতাকর্মীরা ফাজিলখার হাটবাজারে এলে স্বেচ্ছাসেবক দল নেতা টিটুর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয় এবং বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হয়।
কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলম বলেন, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।