রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮:২৩

মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ৪ জনের মৃত্যু

মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ৪ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মিপতা (১৭), মাইক্রোবাস চালক মুন্না (৪০) এবং ফেরদৌস আলম নামে পাঁচ বছর বয়সী এক শিশুর নাম জানা গেছে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে একটি মাইক্রোবাসে করে কয়েকজন কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা হয়। কলেজ বাজার এলাকায় আসার পর ইউটার্ন নিতে যাওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিপতা নিহত হন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক মুন্নাসহ আরও দুজন মারা যান। তাদের মধ্যে একজনের পরিচয় এখনো জানা যায়নি।

কর্ণফুলী থানার ওসি নুর আহমেদ দুর্ঘটনার চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মেইলকে ওসি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা গেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে