এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর পর ছেড়ে দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা রেজাউল করিম (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে। অভিযোগের পর স্থানীয়রা তাকে আটক করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে নিজের ভুল স্বীকার করে তওবা করতে বলা হয়। একই সঙ্গে তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয় এবং ভবিষ্যতে চুরি বা অন্য কোনো অপরাধে জড়াবেন না—এমন অঙ্গীকার নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না। শুক্রবার একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে সংশোধনের সুযোগ দিতে তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে থানায় কেউ অবহিত করেনি।
বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তবে চুরির অভিযোগে কাউকে আটক করা হলে তাকে আইন অনুযায়ী পুলিশের কাছে সোপর্দ করা উচিত।’