বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:০৮:০১

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা, দুই পা এবং এক হাতের অর্ধেক বিচ্ছিন্ন

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা, দুই পা এবং এক হাতের অর্ধেক বিচ্ছিন্ন

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা এবং এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত মোরশেদ আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোরশেদ আলম পরিবারের সদস্যদের সঙ্গে দোহাজারী রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করছিলেন। এ সময় একটি পিডিবির শান্টিং ট্রেন পেছন দিক থেকে পুশিং পদ্ধতিতে সামনে এগোচ্ছিল। ট্রেনের ইঞ্জিন পেছনে থাকায় চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করছিলেন।

তবে ভিডিও তৈরিতে ব্যস্ত থাকায় মোরশেদ আলম ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা ট্রেনের হর্ন ও সাইরেনের প্রতি খেয়াল করেননি। একপর্যায়ে ট্রেনটি খুব কাছে চলে এলেও তারা রেললাইন থেকে সরে না যাওয়ায় মোরশেদ ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন।

দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ বলেন, ট্রেনের চালক একাধিকবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু তারা রেললাইন থেকে সরে না যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।

দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান (মারুফ) জানান, আহত যুবকের দুই পা ও এক হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে