শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:০৯:০৫

যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহণের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২১ আগস্ট) রাত ১টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। হঠাৎ বাসের ভেতরে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের একে একে বাইরে বের করে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।

বাসের যাত্রী মোহাম্মদ রানা জানান, পরিবারের সাত সদস্য নিয়ে তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। বাসের ভেতরে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার পর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আগুন লাগার সময় বাসের চালক ও সহকারীকে ভেতরে দেখতে পাননি বলেও জানান তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামু হাইওয়ে থানা পুলিশ। রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করা হয়।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে