এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে প্রাথমিক পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তাকে আটকের প্রায় চার ঘণ্টা পর ছেড়ে দেয় পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ইসমাইল হোসেন সীতাকুণ্ড মডেল থানায় গেলে গাড়ি রাখা নিয়ে থানার কনস্টেবল ও ওসির গাড়িচালক মো. শফিকের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইসমাইল হোসেন শফিককে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার পর পুলিশ ইসমাইল হোসেনকে আটক করে। খবর পেয়ে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানায় ভিড় করেন। পরে প্রায় চার ঘণ্টা ধরে দেনদরবারের পর নেতাকর্মীদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব ইসমাইল হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর বলেন, সামান্য কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করেই এসব ঘটনা ঘটেছে।