সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ০৬:৪৯:২৪

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ সদস্য আল আমিন সরদারের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখার কনস্টেবল আল আমিন সরদার কোতোয়ালি থানায় সংযুক্ত ছিলেন। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলার উত্তর দুধখালী এলাকায়। তার বাবার নাম আবদুল হক সরদার।

পুলিশ জানায়, রোববার সকালে আল আমিন ও পুলিশের আরও কয়েকজন সদস্য ওয়াসা মোড়ে একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহজনক গতিবিধি দেখে তারা তিন যুবককে থামার সংকেত দেন। তাদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ হিরণ মিয়া তার পিছু নেন।

অন্যদিকে কনস্টেবল আল আমিন মোটরসাইকেলে করে পশ্চিম ফটকের দিকে যান। সে সময় লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে আল আমিনের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বেশ কিছুদূর ছেঁচড়ে নিয়ে যায়। পরে চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ এবং চালককে আটক করেন।

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ সোমবার ভোরে কনস্টেবল আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় ঘাতক বাসটির চালক মোশাররফ ও সহকারী (স্টাফ) জয় দাসকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।