বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০১:০৯

পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন

পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন

এমটিনিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আমিনুর রহমান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, রাত ২টা ৪৫ মিনিটের দিকে দু-তিনজন দুর্বৃত্ত বাড়ির সামনের দরজার জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

তিনি জানান, পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তবে তার ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

আমিনুর রহমান চৌধুরী আরও জানান, রাতেই টহল দায়িত্বে থাকা পুলিশ বিটের উপ-পরিদর্শক (এসআই) বাবুকে বিষয়টি অবহিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন এবং পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে আইনি ব্যবস্থা নেবেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাঁশখালীতে যেন কোনো ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা না ঘটে, সেজন্য পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী এবং সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইব্রাহিম খলিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।