বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:১৫:২৬

পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র পাওয়ার পরই ঢলে পড়েন শিক্ষার্থী, অবশেষে মৃত্যু

পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র পাওয়ার পরই ঢলে পড়েন শিক্ষার্থী, অবশেষে মৃত্যু

এমটিনিউজ ডেস্ক : চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন ২০ বছর বয়সী শিক্ষার্থী বিপ্লব হোসেন সাগর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে হলে প্রবেশ করেন সাগর। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে কলেজের একটি ভ্যানে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর দেয়া অভিভাবকের ফোন নম্বরেও যোগাযোগ করেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

সাগর জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম শাহীন জানান, শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে তারা দ্রুত পরীক্ষা কেন্দ্রে যান এবং কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

তবে শিক্ষার্থীর মৃত্যুর কারণ সম্পর্কে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।