সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:২৩:২৩

হাউমাউ করে কাঁদছেন এক অসহায় বৃদ্ধ

হাউমাউ করে কাঁদছেন এক অসহায় বৃদ্ধ

এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর নোনাছড়িপাড়া এলাকায় নিঃসন্তান ও অসহায় বৃদ্ধ আনোয়ার হোসেনের জীবনের শেষ অবলম্বন দুটি গরু চুরি হয়ে গেছে। 

রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, আনোয়ার হোসেন বাড়িতেই আছেন এবং তার পাশে বসে আছে বৃদ্ধা স্ত্রী রিজিয়া বেগম। সাংবাদিকের উপস্থিতি বুঝতে পেরেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন তারা। 

আনোয়ার হোসেন জানান, তাদের নিজের কোনো সন্তান নেই। নিঃসন্তান জীবনের শূন্যতা পূরণ করতে তিনি একসময় একটি কন্যা শিশুকে দত্তক নিয়ে স্নেহ-মমতায় বড় করেন এবং সময়মতো তার বিয়ে দেন। কিন্তু সেই সুখ বেশিদিন টেকেনি। বিয়ের কয়েক বছরের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ওই মেয়ের স্বামী। তখন থেকেই দুঃখ আর সংগ্রাম নিত্যসঙ্গী হয়ে ওঠে পরিবারটির।

বৃদ্ধা জানান, স্বামীহারা সেই দত্তক কন্যা গার্মেন্টসে চাকরি করে কোনোমতে সংসার চালালেও তার দুটি কন্যা সন্তানকে লালন-পালনের দায়িত্ব এসে পড়ে এই বৃদ্ধ দম্পতির কাঁধে। বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে তারা নাতনীদের আগলে রেখেছিলেন বুকভরা ভালোবাসায়। কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়েনি। দুই নাতনীর একজন কিছুদিন আগে গুরুতর আঘাতে একটি চোখ নষ্ট হওয়ার পথে। 

চিকিৎসকেরা জানিয়েছেন, চোখটি বাঁচাতে দ্রুত চিকিৎসা জরুরি। সেই চিকিৎসার খরচ জোগাতেই আনোয়ার হোসেন তার জীবনের শেষ সম্বল দুটি গরু বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন।

কাঁপা কণ্ঠে আনোয়ার বলেন, গরু দুটাই ছিল আমার শেষ ভরসা। নাতনীর চোখটা বাঁচাতে চেয়েছিলাম। এখন আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই।

পাশেই বসে থাকা তার স্ত্রী চোখের পানি মুছতে মুছতে বলেন, আমরা তো কিছু চাইনি, শুধু বাচ্চাটার চোখটা বাঁচাতে চেয়েছিলাম।

স্থানীয়রা জানান, হারবাংসহ চকরিয়ার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে গরু উদ্ধারের পাশাপাশি নিঃস্ব পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গরু চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সরওয়ার ওসমান খোকা বলেন, অসহায় দরিদ্র আনোয়ার হোসেনের বাড়ি থেকে গরু চুরির বিষয়টি খুবই বেদনাদায়ক। আমরা প্রশাসনের মাধ্যমে চোর শনাক্ত করে গরু উদ্ধারের চেষ্টা করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে