শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:০৮:৫৫

ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার

ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার

এমটিনিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে আটক করেছে পুলিশ। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের পরিকল্পনা চলছিল বলে জানা গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। এরআগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরাকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা করছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে স্থানীয় ইউপি সদস্য সেলিম ও জোবায়েরের বাড়িতে দুটি ভাগে অন্তত অর্ধশত নেতাকর্মীর বৈঠকের আয়োজনের প্রস্তুতি চলছিল। এমন গোপন তথ্য পেয়ে গোবিন্দগঞ্জ ও আশপাশের এলাকায় অভিযানে নামে গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম।

কিন্তু ডিবির অভিযানের খবর পেয়ে নেতাকর্মীরা একত্র হয়ে ধানক্ষেতে আত্মগোপন করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ধানক্ষেত থেকে মজনু সরকারকে আটক করে ডিবি। পরে বিকেলে ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় ২০২৫ সালের ২২ মে তারিখের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালে সদর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০০৯ সালের একটি চুরির মামলা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।