রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৮:২৫

নারীদের গোসলের দৃশ্য ধারণের অভিযোগ, ঘণ্টাব্যাপী সংঘর্ষে বহু আহত

নারীদের গোসলের দৃশ্য ধারণের অভিযোগ, ঘণ্টাব্যাপী সংঘর্ষে বহু আহত

এমটিনিউজ২৪ ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে মোবাইল ফোনে নারীদের গোসলের দৃশ্য ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষ ও শিশুসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ৯ নম্বর পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কাঠখাল গ্রামের উত্তর পাড়ার মেয়েরা স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের সময় দীর্ঘদিন ধরে উত্ত্যক্তের শিকার হচ্ছেন। একইসঙ্গে ওই এলাকার নারীরা পুকুরে গোসল করতে গেলে রাস্তা থেকে মোবাইল ফোনে তাদের ছবি ও ভিডিও ধারণের অভিযোগ রয়েছে পাশের আরেক বাড়ির কয়েকজনের বিরুদ্ধে। এ নিয়ে সম্প্রতি কয়েক দফা স্থানীয় মুরব্বিদের কাছে অভিযোগ ও বিচার দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করে একপক্ষ। এ ঘটনায় দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

স্থানীয়রা জানান, রোববার সকালে ফের উত্তর পাড়ার একটি পুকুরে নারীদের গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে নারীদের স্বজনরা ভিডিও ধারণকারীদের বাড়ির লোকজনের কাছে বিচার চান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ৩ রাউন্ড টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করা হয়৷ বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দাঙ্গা-হাঙ্গামায় জড়িতদের গ্রেপ্তার এবং দেশীয় অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। উত্তেজনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে