বুধবার, ০৬ মে, ২০২৬, ১১:১৭:১৪

আধা ঘণ্টা স্থায়ী কালবৈশাখীর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

আধা ঘণ্টা স্থায়ী কালবৈশাখীর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

এমটিনিউজ২৪ ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে বসতবাড়ির টিনের চাল, বৈদ্যুতিক খুঁটি, বোরো ধান ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ে।

বুধবার (৬ মে) দুপুর ১টার পর শুরু হওয়া এই ঝড় প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। এ সময় আক্কেলপুর পৌরসভা ও আশপাশের এলাকায় শিলাবৃষ্টি ও দমকা বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় সূত্র, কৃষি দপ্তর ও বিদ্যুৎ বিভাগ জানায়, ঝড়ে গাছপালা ভেঙে পড়ে, অনেক স্থানে বাড়ির টিনের চাল উড়ে যায় এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। এতে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, পৌর শহরের সোনামুখি এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ওই এলাকার লেঙ্গল পীর মাজারের শতবর্ষী একটি গাছ ভেঙে আক্কেলপুর-বগুড়া সড়কে পড়ে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গাছ অপসারণে কাজ করে।

পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আব্দুর রহমান জানান, ঝড়ে সরবরাহ লাইনের একাধিক বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে এবং বিভিন্ন স্থানে তার ছিঁড়ে পড়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে কাজ চলছে।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আক্কেলপুর উপজেলায় ১০ হাজার ৩৪৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। ঝড়ের সময় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ভিকনী গ্রামের কৃষক আকরাম হোসেন বলেন, ‘ধান প্রায় পাকা হয়ে এসেছিল। কয়েক দিনের মধ্যেই কাটা শুরু হওয়ার কথা ছিল। তার আগেই ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়ে গেল।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। প্রাথমিকভাবে গোপীনাথপুর ইউনিয়নের ভিকনী মাঠে ধানের বেশি ক্ষতির তথ্য পাওয়া গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে