সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ০৪:১৮:১৯

যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি, ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু

যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি, ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনায় রাশিকুল আনাম রাশু (৩৮) নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার শরীফুল আনামের ছেলে। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে দৌলতপুর থানা যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন রাশু। সোমবার সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন তিনি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। একটা গুলি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের কাজ চলমান রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে