রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ০১:১৫:৩২

'বাজারে মাছ ভরপুর আছে কিন্তু ক্রেতা খুব কম'

'বাজারে মাছ ভরপুর আছে কিন্তু ক্রেতা খুব কম'

এমটিনিউজ ডেস্ক : খুলনার বাজারে সবজি ও মাছের দাম ঊর্ধ্বমুখী। তবে শীতকালীন সবজির দাম বিভিন্ন বাজারে ৫-১০ টাকা কমবেশি রয়েছে। অন্যদিকে মাছের বাজারে দাম চড়া হওয়ার কারণে ক্রেতাও কম।

ক্রেতাদের অভিযোগ, অধিকাংশ গ্রীষ্মকালীন সবজি কম দামে বিক্রি হলেও শীতকালীন সবজির দাম অনেক বেশি। ফুলকপি, পালংশাক, শিম, বাঁধাকপি জাতীয় সবজি ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে সবজির সংকট না থাকলেও এমন বাড়তি দাম অস্বস্তিদায়ক। এক বাজারের সঙ্গে অন্য বাজারের দামের সামঞ্জস্যতা নেই।

রোববার (১৫ নভেম্বর) খুলনার গল্লামারি বাজার, নিউ মার্কেট বাজার ও বয়রা বাজার ঘুরে এমনটা জানা যায়।

সবজির বাজারে বাজার ভেদে ফুলকপি ৬০-৭০ টাকা, বাঁধাকপি ৬০-৭০, মুলা ৫০, পালংশাক ৪০-৫০, টমেটো ১৪০-১৫০, করলা ৫০-৬০, বেগুন ৬০-৭০, বরবটি ৭০-৮০, কুমড়া ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ ২০-৩০ টাকা পিস ও শিম প্রকারভেদে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে, প্রতি কেজি রুই ২৬০ থেকে ৩০০ টাকা, সমুদ্রের চান্দা মাছ ২৬০-২৮০, কাতলা ৩০০ থেকে ৩২০, তেলাপিয়া ১৮০ থেকে ২০০, পাঙাশ ১৭০ থেকে ২০০, চাষের কৈ ২০০ থেকে ২২০, দেশি কৈ ৫০০ থেকে ৬০০, চাষের শিং ৫০০ থেকে ৬০০, টেংরা ৫০০ থেকে ৫৫০, বোয়াল ৬০০ থেকে ৮০০, চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ এবং ভেটকি মাছ আকারভেদে ৪০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে ব্রয়লার মুরগী ১৮০-১৯০ টাকা কেজি, কক ২৪০-২৪৫, দেশি মুরগী ৬০০-৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা কেজি ও খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা রাজু বলেন, পাইকারি বাজারে সবজির দাম বেশী। আর একেক বাজারের দূরত্ব পাইকার বাজার থেকে একেক রকম। এজন্য পরিবহন খরচের ওপর ৫-১০ টাকা দাম কম বেশী হয়। তবে শীতকালীন সবজি বাজারে আরও আসতে শুরু করলে দাম অনেকটা কমে যাবে। গত সপ্তাহে টমেটোর কেজি ১২০ টাকা ছিল। এ সপ্তাহের ৮০-৯০ টাকা কেজিতে টমেটো বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা জাকির মিয়া বলেন, বাজারে মাছ ভরপুর আছে কিন্তু ক্রেতা খুব কম। অনেক মাছের দাম চলতি সপ্তাহে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে কমেছে। শীতকালে মাছ বিক্রি কমতে দেখিনি। তবে এবার ব্যবসায় ভাটা পড়েছে। বাজারে যথেষ্ট ক্রেতা নেই।

ক্রেতা মিজানুর রহমান বলেন, বাজারে বড় মাছের দাম অনেক বেশি। আর সমুদ্রের মাছের দামও অনেক বেশি। যেসব মাছের দাম ২০০ টাকা কেজি ছিলো, এখন তা ২৫০-২৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর সবজির বাজারে তুলনামূলক অনেক দাম। শীতকালীন সব সবজি ৬০ -৭০ টাকার নিচে নেই।

অন্য একজন ক্রেতা নাজমুল হক বলেন, সবজির দাম একেক বাজারে একেক রকম। ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে আবার দাম কম। আসলে বাজার ভেদে সবজির দামে এমন অসামঞ্জস্যতা খুঁজে দূর করা উচিত। নইলে ব্যবসায়ীরা সিন্ডিকেট করবে বলে তিনি মন্তব্য করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।