এমটিনিউজ২৪ ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার শিক্ষক আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সোমবার টিফিনের সময় ওই ছাত্রী বাথরুমে যায়। এ সময় সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ছাত্রী দৌড়ে বের হয়ে আসে এবং বিষয়টি অফিসে থাকা এক শিক্ষিকাকে জানায়। পরে এ বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়।
এদিকে বিষয়টি ধামাচাপা দিতে স্কুলের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় নেতা কাজী মোশারফ হোসেন মধ্যরাত পর্যন্ত দেনদরবার করেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহ করতেও বাধা দেন তারা। পরে পুলিশ খবর পেয়ে মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক প্রধান জানান, গ্রেপ্তার শিক্ষক মোতালেবকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আর ভিকটিম থানা হেফাজতে আছে।