শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ০২:৪২:১৪

ঘরে নববধূ, বাড়িজুড়ে সাজসজ্জা, সেই বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে

 ঘরে নববধূ, বাড়িজুড়ে সাজসজ্জা, সেই বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে

এমটিনিউজ২৪ ডেস্ক : ঘরে নববধূ, বাড়িজুড়ে সাজসজ্জা ও বিয়ের আনন্দ। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিষাদে। বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বর আনাস (২৫)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত আনাস একই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদী এলাকায় বিয়ে হয় আনাসের। বিকেলে নববধূকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন চলছিল। এসময় প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা অবস্থায় আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানটির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবার ও স্থানীয়দের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আনাসের সাবেক স্কুলের প্রধান শিক্ষক মহসিন রেজা ফেসবুক পোস্টে লেখেন, আনাস গত ১৯ আগস্ট আমার সঙ্গে হাসি মাখা মুখে দেখা করেছিল। আমি আনাসকে অনেক শাসন করেছি, ভালোবেসেছি, সে আমার সঙ্গে দেখা হলেই বলত স্যার একটা মারেন। ১৯ আগস্ট সেটাই বলেছিল, কিন্তু আনাস চলে গেল? ভাবা যায়! আল্লাহ তাকে ক্ষমা করে দিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে