শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:১৪:১৮

পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর ও ভিডিও ধারণ

পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর ও ভিডিও ধারণ

এমটিনিউজ২৪ ডেস্ক : মাগুরায় এক পুলিশ সদস্যকে সড়কে গতিরোধ করে মারধর ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়।

শারীরিক নির্যাতনের শিকার পুলিশ সদস্যের নাম মো. ইমরান হোসেন। তিনি মাগুরা জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত আছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কমলা রঙের টিশার্ট পরা নাঈমুজ্জামান নয়ন কনস্টেবল ইমরান হোসেনের বাইক আটকে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং উত্তেজিত অবস্থায় আরও লোকজন ডাকতে থাকেন। একপর্যায়ে নিজেই ভিডিও ধারণ ও পুলিশ সদস্যকে মারধর শুরু করেন। ভিডিওর মধ্যে তিনি নিজেই পুলিশ সদস্যদের দারোগা বলে সম্বোধন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের বিপরীত পাশে মাইক্রোস্টান্ডে কনস্টেবল মো. ইমরান হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন মাগুরা জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন। এ সময় তাকে হামলায় সহযোগিতা করেন মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।

প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর ও শারীরিকভাবে হেনস্তা করায় জেলা পুলিশে চরম ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ সদস্যকে মারধর ও ভাইরাল ভিডিও সম্পর্কে জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভাইরাল ভিডিওর কথা শুনেছি, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে