এমটিনিউজ২৪ ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফিলিং স্টেশনে বিএনপির এক নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গোপালনগর গ্রামে অবস্থিত রুপক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি আব্দুল ওহাব বুলবুল, যিনি গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আব্দুল ওহাব বুলবুল মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে ফিলিং স্টেশনে যান। এ সময় স্টেশনের কর্মচারী ও স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে উপস্থিত কয়েকজন তাকে মারধর করেন।
ঘটনার সময় সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।