সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৪৫:৪২

চার রাউন্ড গুলি, মাটিতে লুটিয়ে পড়লেন বিএনপি নেতা

চার রাউন্ড গুলি, মাটিতে লুটিয়ে পড়লেন বিএনপি নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : মেহেরপুরের গাংনী ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মুকুল হোসেনকে (৫৫) গুলি করেছে দুর্বত্তরা। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ভোরে সাহারবাটি বাঙ্গালপাড়ার কাশেমের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত মুকুল হোসেন সাহারবাটি গ্রামের মৃত নেক মোহাম্মদ এর ছেলে।

সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাশিরুল আজিজ হাসান বলেন, মুকুল হোসেন ভোরে হাঁটার জন্য বাড়ি থেকে বের হয়ে সাহারবাটি বাঙ্গালপাড়ার কাশেমের মোড় নামক স্থানে পৌঁছালে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বত্তরা তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। চার রাউন্ড গুলি বুকে, পিঠে ও হাতে বিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। 

স্থানীয়রা জানান, গুলির শব্দ পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মুকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তিনি গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ।  

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, মুকুল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ইতোপূর্বে মুকুল হোসেনের ওপর কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। এছাড়া মুকুলের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে কয়েকটি মামলা চলমান রয়েছে। 

আধিপত্য বিস্তার, অর্থনৈতিক লেনদেন অথবা পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মেহেদী হাসান দিপু জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান রয়েছে, ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে