এমটিনিউজ২৪ ডেস্ক : ভারতে যাওয়ার চেষ্টাকালে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে, তার ভিসা ও পাসপোর্ট নাম্বার দিয়ে যাচাই-বাছাইয়ের পর তাকে গ্রেফতার করা হয়। এম এ খালেক মেহেরপুরের গাংনী বাজারের থানা রোড এলাকার বাসিন্দা।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এম এ খালেকের বিরুদ্ধে গাংনী থানায় মামলা রয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় করা হয়েছে।
এর আগে ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা এক মামলায় এম এ খালেককে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ২৪ অক্টোবর মেহেরপুর গাংনী উপজেলা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছিলো র্যাব। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে ছিলেন। আজ হঠাৎ করে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় গ্রেফতার হোন।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া বলেন, তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।