এমটিনিউজ২৪ ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরি করার সময় নাঈম হাওলাদার নামে এক নিষিদ্ধ ছাত্রলীগকর্মীকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটক নাঈম ওই এলাকার মো. রফিক মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুপারিগাছ দিয়ে প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়িতে প্রবেশের চেষ্টা করলে তার স্ত্রী নাজমা আক্তার দেখে ফেলেন। এরপর তিনি বিষয়টি স্বজনদের জানানোর চেষ্টা করেন।
এ সময় নাঈম ২-৩ জনকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন এবং আহতদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে পুলিশ গিয়ে নাঈমকে হেফাজতে নেয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘ঘটনায় জড়িত নাঈম ও তার বাবা রফিককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
আহতদের চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’