রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১০:১২:০৩

মসজিদে জমি দান করতে চাওয়ায় বৃদ্ধাকে বেধড়ক পেটালেন দুই ছেলে ও দুই নাতি

মসজিদে জমি দান করতে চাওয়ায় বৃদ্ধাকে বেধড়ক পেটালেন দুই ছেলে ও দুই নাতি

এমটিনিউজ২৪ ডেস্ক : রংপুরের পীরগঞ্জে মসজিদের নামে পাঁচ শতক জমি দানের সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে তার দুই ছেলে ও দুই নাতির বিরুদ্ধে। এ ঘটনায় জোবেদা বেগম নামে ওই নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জোবেদা বেগম উল্লেখ করেন, উপজেলার পাঁচগাছি ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের কাজীপাড়া জামে মসজিদের নামে তার মালিকানাধীন পাঁচ শতক জমি দানের সিদ্ধান্ত নেন তিনি। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার দুই ছেলে ও দুই নাতি এতে ক্ষুব্ধ হন। এরপর তাকে বিভিন্নভাবে চাপ দেওয়ার পাশাপাশি মারধর করা হয়।

অভিযোগে বলা হয়, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাড়িতে তাকে মারধর করা হয়। পরে তিনি চিকিৎসা নেন।

অভিযুক্তরা হলেন- জোবেদা বেগমের বড় ছেলে জয়নাল আবেদীন, মেজো ছেলে আব্দুল জলিল ওরফে ঠান্ডা এবং দুই নাতি সুজন মিয়া ও আলামিন মিয়া।

পাঁচগাছি ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমান বলেন, জমি দান ও পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। মারধরের ঘটনার পর ওই বৃদ্ধা চিকিৎসা নিয়েছেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদীন। তার দাবি, জোবেদা বেগমকে তার চার মেয়ে শিউলি, চামেলি, রেখা ও ছমেলা মারধর করেছেন। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।