এমটিনিউজ২৪ ডেস্ক : রংপুরে সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। কেজিতে দেশি নতুন আদার দাম বেড়েছে ৫০ টাকা, দেশি রসুনের ৪০ টাকা।
পাশাপাশি গাজর, কাঁকরোল, শিম, করলা ও কচুরলতির মতো কয়েকটি সবজির দামও বেড়েছে। তবে কমেছে টমেটো, বাঁধাকপি, ঢেঁড়স ও ধনেপাতার দাম। অন্যদিকে মাছ, গরু-খাসির মাংস, ডিম, চাল ও অধিকাংশ নিত্যপণ্যের দাম রয়েছে প্রায় অপরিবর্তিত।
শুক্রবার (২৩ অক্টোবর) নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতাদের দাবি, আদা-রসুনের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
বাজারে দেশি নতুন আদা প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা, আমদানি করা আদা ২২০ থেকে ২৩০ টাকা, দেশি রসুন ১২০ থেকে ১৪০ টাকা এবং ভারতীয় রসুন ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশি নতুন আদা ১২০ থেকে ১৪০ টাকা, আমদানি করা আদা ১৯০ থেকে ২০০ টাকা, দেশি রসুন ৮০ থেকে ১০০ টাকা এবং ভারতীয় রসুন ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচাবাজার ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে, আবার কয়েকটির কমেছে। টমেটো ১৬০ থেকে ১৭০ টাকা, গাজর ১৫০ থেকে ১৬০, কাঁকরোল ৭০ থেকে ৮০, ঝিঙে ৫০ থেকে ৬০, ফুলকপি ৬০ থেকে ৭০ এবং মুলা ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আসা বাঁধাকপির পিস দাম কমে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া চালকুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা কলার হালি ২৫ থেকে ৩০, দুধকুষি ৩০ থেকে ৪০, শজনে ডাঁটা ১৮০ থেকে ২০০, শসা ৪০ থেকে ৫০ এবং লেবুর হালি ২০ থেকে ২৫ টাকা। চিকন বেগুন ৪০ থেকে ৭০, গোল বেগুন ৮০ থেকে ১০০, পটোল ৪০ থেকে ৫০, পেঁপে ২০ থেকে ২৫ এবং ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শিমের দাম বেড়ে ১২০ থেকে ১৪০ টাকা, করলা ৫০ থেকে ৬০ এবং কচুরলতি ৭০ থেকে ৮০ টাকা হয়েছে। বরবটি ৫০ থেকে ৬০, লাউ প্রতি পিস ২৫ থেকে ৩০ এবং কচুরমুখি ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধনেপাতার দাম উল্লেখযোগ্যভাবে কমে ৭০ থেকে ৮০ টাকায় নেমেছে। বিভিন্ন ধরনের শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়।
মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০, শুকনা মরিচ ৪৫০ থেকে ৫০০, কার্ডিনাল আলু ২০ থেকে ২৫, দেশি সাদা ও বগুড়ার লাল পাকড়ি আলু ২৫ থেকে ৩০, শিল আলু ৫০ থেকে ৫৫ এবং ঝাউ আলু ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ৯০ থেকে ১০০ এবং পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ধাপ বাজারের সবজি বিক্রেতা আকমাল হোসেন বলেন, দু-একটি সবজির দাম বাড়া-কমা করলেও অধিকাংশের দাম অপরিবর্তিত রয়েছে। আদা ও রসুনের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বাজারে পুরনো আদা-রসুনের সরবরাহ কম। নতুন করে কৃষকরা চাষ শুরু করেছেন।
মাছ ও মাংসের বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, পাকিস্তানি সোনালি ৩০০ থেকে ৩১০, পাকিস্তানি হাইব্রিড ২৯০ থেকে ৩০০, পাকিস্তানি লেয়ার ৩৪০ থেকে ৩৫০ এবং দেশি মুরগি ৫৪০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭২০ থেকে ৭৫০ এবং খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা কেজি। ডিমের হালি ৪৬ থেকে ৪৮ টাকা।
মাছের মধ্যে রুই ২৫০ থেকে ৪৫০, টেংরা ৪০০ থেকে ৬০০, কই ২০০ থেকে ৫০০, মৃগেল ২৫০ থেকে ৩০০, কার্পু ২০০ থেকে ৩০০, পাঙাশ ১৫০ থেকে ২০০, তেলাপিয়া ১৫০ থেকে ২২০, কাতলা ৩০০ থেকে ৫০০, বাটা ১৫০ থেকে ২৫০, শিং ৩০০ থেকে ৫০০ এবং সিলভার কার্প ১২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকার ও প্রজাতিভেদে গছিমাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।
নিত্যপণ্যের মধ্যে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৫ থেকে ২১০ টাকা এবং খোলা সয়াবিন তেল ২০০ থেকে ২২০ টাকা। চিকন মসুর ডাল ১৬০ থেকে ১৮০, মাঝারি মসুর ডাল ১১০, চিকন মুগডাল ১৬০ থেকে ১৭০, বুটের ডাল ১১০ থেকে ১২০, খোলা চিনি ১১০ থেকে ১১৫ এবং ছোলাবুট ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্যাকেট আটা ৬০ থেকে ৬৫, খোলা আটা ৫০ থেকে ৫৫ টাকা এবং প্যাকেট ময়দা ৭৫ থেকে বেড়ে ৮৫ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে।
চালের বাজার ব্যবসায়ী জোসেফ উদ্দিন বলেন, প্রায় সব ধরনের চালের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। স্বর্ণা মোটা চাল ৪৮ থেকে ৫০, স্বর্ণা চিকন ৫২ থেকে ৫৫, বিআর-২৮ চাল ৬০ থেকে ৬৫, বিআর-২৯ চাল ৫৫ থেকে ৬০, জিরাশাইল ৫৫ থেকে ৬০, মিনিকেট ৮০ থেকে ৮৫ এবং নাজিরশাইল ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খোলা আতপ চাল ২০০ থেকে ২১০ টাকা এবং প্যাকেট চাল ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।