এমটিনিউজ২৪ ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়ায় এ সংঘর্ষের পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলার ঘোয়ালপাড়ার মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) ও একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়ায় ৫ বিঘা সরকারি খাস পুকুর নিয়ে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী ও ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবুবক্কার সিদ্দিকের মধ্যে ১৫/১৬ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
আছমত আলী স্থানীয় মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা আবুবক্কার সিদ্দিক পুকুরটি ৩ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করেছেন। সোমবার সকালে আবুবক্কার লোকজন নিয়ে পুকুরে জাল ফেললে আছমত আলী তাতে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
পরে উভয়পক্ষ ধারালো অস্ত্র, হাঁসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর পক্ষের ৪ জন ও আবুবক্কারের পক্ষের ৭ জন গুরুতর আহত হন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে বগুড়ায় ইসমাইল হোসেন ও সিরাজগঞ্জ হাসপাতালে আব্দুস সালামের মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
এই পুকুরকে কেন্দ্র করে ২০০৭ সালে ফজলার রহমান নামে আরো একজন নিহত হয়েছিলেন বলেও জানান তিনি।