এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেটের বিশ্বনাথে ঝড়ো হওয়ার সঙ্গে হঠাৎ মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। এতে একাধিক ঘরের টিনের চালা, আমের মুকুলসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে ধান, সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ক্ষতির আশঙ্কা বেশি।
শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে শুরু হয় প্রচণ্ড ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত। সঙ্গে বজ্রপাতও। পরে ভোররাতের দিকে শুরু হয় শিলাবৃষ্টি। বেশকিছু সময় ধরে চলা শিলাবৃষ্টিতে ভরে যায় বাড়ির আঙিনা, পথ-ঘাট। ফুটো হয়ে যায় অনেকের ঘরের টিনের চালা। ক্ষয়ক্ষতি হয় ফল-ফসলের। ব্যাপক হারে ঝরে পড়ে আম-কাঁঠাল ও লিচুর মুকুল।
কৃষকরা জানিয়েছেন, শিলাবৃষ্টিতে বর্তমানে ধানের ক্ষয়ক্ষতির তেমন আশঙ্কা নেই। তবে ফল ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসাইন জানান, বৃষ্টিপাতে ধানের উপকার হয়েছে। আর শিলাবৃষ্টিতে সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাও আশঙ্কাজনক নয়।