এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেটের বিশ্বনাথে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে এই আদেশ কার্যকর শুরু হয় এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চলবে।
সরেজমিনে দেখা যায়, পৌর শহরে সকাল ৯টা থেকে পুলিশের টহল অব্যাহত আছে। পৌর শহরে যান ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে, বুধবার (৭ অক্টোবর) রাতে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহেদ বিন কাশেম।
সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডস্থ ডাকবাংলো ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি উক্ত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির গণজমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। আদেশ জারির পর বুধবার রাতেই পৌর শহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর জমি কেনাবেচা সংক্রান্ত বিরোধের জের ধরে মাইকিং করে লামাকাজী ইউনিয়নের ভুরকি ও ইসবপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের একপক্ষে ছিলেন স্থানীয় চেয়ারম্যান ও বিএনপি নেতা কাবির হোসেন ধলা মিয়া এবং অপরপক্ষে ছিলেন ইসবপুর গ্রামের ক্রেতা হাজী সফির মিয়া (৬৫)। ওই ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা চলমান রয়েছে।
এরই জের ধরে বৃহস্পতিবার একই স্থানে ও একই সময়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেয়। চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার পক্ষে বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
অন্যদিকে হাজী সফির মিয়ার সমর্থনে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়। একই স্থানে দুপক্ষের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করেই ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এদিকে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এক জরুরি সভায় দলীয় পরিচয় ব্যবহার করে কোনো প্রকার বিশৃঙ্খলা না করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে আইন মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আইন মেনে চেয়ারম্যান কবির হোসেনের পক্ষ থেকে তাদের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিশ্বনাথ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, সকাল ৯টা থেকে ১৪৪ ধারা জারি রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা এড়াতে পৌর শহরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকে মূল সড়কগুলোতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং গণপরিবহন ও মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।