বুধবার, ১২ মে, ২০২১, ০১:০৭:৩৮

পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলায় ওআইসির জরুরি বৈঠক

পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলায় ওআইসির জরুরি বৈঠক

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার বাহিনীর উপর্যুপরি হামলার ঘটনায় ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি মঙ্গলবার (১১ মে) এক জরুরি বৈঠক আহবান করে। বৈঠকে ওআইসির স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আল-আকসা মসজিদে ও গাজা উপত্যাকায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান। এছাড়া জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ফিলিস্তিন পরিবারকে তাঁদের বাড়ি থেকে উচ্ছেদ করারও তীব্র নিন্দা জানান।

রাষ্ট্রদূত বলেন, আমরা মনে করি ফিলিস্তিনিদের তাঁদের জমি ও বাড়িঘর থেকে উচ্ছেদ ও নির্মূল করা ইসরায়েলি দখলদার বাহিনীর একটি নিয়মিত প্রচেষ্টা হয়ে দাঁড়িয়েছে। পবিত্র আল-আকসা মসজিদ এবং ফিলিস্তিনের অন্যান্য অংশে ইসরায়েলি বাহিনী কর্তৃক এ জাতীয় নির্মম হামলা ফিলিস্তিনিদের অধিকার ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করছে। 

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আমরা দেখছি অনেক দেশ এবং আন্তর্জাতিক সংস্থা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানাচ্ছে, তবে আমরা মনে করি দখলদার ইসরায়েলি বাহিনীকে এ ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য এটাই যথেষ্ট নয়। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এবং অদূর ভবিষ্যতে ইসরায়েলকে এ জাতীয় হামলা, নৃশংসতা ও উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত রাখতে বাস্তবভিত্তিক ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহবান জানাই। আমরা ওআইসিকে এ বিষয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের প্রচেষ্টা দিগুণ করার আহবান জানাই। 

সভায় ফিলিস্তিন, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, জিবুতি, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, ইরাক, মরক্কোসহ বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন। স্থায়ী প্রতিনিধিরা পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার বাহিনীর এ হামলার তীব্র নিন্দা করেন এবং তা অবিলম্বে বন্ধের আহবান জানান। 

পরবর্তীতে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়। নাইজারের স্থায়ী প্রতিনিধি এ সভায় সভাপতিত্ব করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে