বুধবার, ১২ মে, ২০২১, ০৩:৪৪:০৮

হামাসের একের পর এক রকেট হামলায় দিশেহারা ইসরায়েল, প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা

হামাসের একের পর এক রকেট হামলায় দিশেহারা ইসরায়েল, প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ফিলিস্তিন ও ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবে একের পর এক রকেট হামলা চালানো হয়েছে। ফলে শহরটিতে সতর্কতা সাইরেন বাজানো হয়। এতে একেবারে দিশেহারা ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি চিকিৎসকদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেল আবিবে রকেট হামলায় ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

এদিকে রকেট হামলার ঘটনায় ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন বন্ধ করে দেয়া হয়েছে। এই বিমানবন্দর তেল আবিবের ঠিক পাশেই অবস্থিত। খবর আল জাজিরার।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডস বলেছে, গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১২ তলা ভবন ধ্বংস হয়ে গেছে। এ হামলার প্রতিশোধ নিতে তারা তেল আবিবের দিকে ১৩০টি রকেট নিক্ষেপ করেছে।

রকেট হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা চালায়। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ২৮ জন ফিলিস্তিনি মারা গেছে।

হামাস ঘোষণা দিয়েছে, ইসরায়েল যদি এ আগ্রাসন না থামায় তাহলে দেশটির দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরকে একেবারে ‘জাহান্নাম’ বানিয়ে দেবে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে