আন্তর্জাতিক ডেস্ক: করোনা (Covid 19) আবহের মধ্যেই নদীতে একের পর এক মৃতদেহ ভেসে আসার ছবি ঘিরে আতঙ্ক ক্রমশ বাড়ছে। বিহার, উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশের পান্না জেলার রুঞ্জ নদীতে ভেসে এল দেহ। প্রাথমিকভাবে দুটি দেহ নদীতে ভেসে আসতে দেখা গেলেও স্থানীয়দের দাবি, ৪-৫টি দেহ তাঁরা দেখতে পেয়েছেন। করোনায় মৃত্যুর পর দেহ সৎকার না করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এই প্রসঙ্গে এক গ্রামবাসী বলেছেন, 'যেভাবে নদীতে দেহগুলো ভেসে আসছে, তাতে আমাদের গ্রামে অতিমারী ছড়িয়ে পড়তে পারে।' পান্না জেলাশাসক সঞ্জয় কুমার মিশ্র জানিয়েছেন, দুটি দেহ ভেসে এসেছে। তাঁর দাবি, একটি দেহ ৯৫ বছর বয়সী এক বৃদ্ধের। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। অন্য দেহটি একজন ক্যান্সার রোগীর। দু'জনই নন্দনপুর গ্রামের বাসিন্দা।-এই সময়