আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা ও পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। পৃথক বিবৃতিতে গোষ্ঠী দুটি জানিয়েছে, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা রকেট হামলা চালিয়ে যাবে।
বিবৃতিতে হামাসের মুখপাত্র ফউজি বারহোম বলেন, বোমার বদলে বোমা নীতি থেকে হামাস সরে যায়নি। ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং জেরুজালেম ও পবিত্র আল আকসা মসজিদে আমাদের লোকদের ওপর দখলদারিত্ব ও অপরাধের প্রতিশোধ নেয়ার দায়িত্ব তুলে নিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা, যার সর্বাগ্রে রয়েছে কাসেম ব্রিগেড (হামাসের সামরিক উইং)।
তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের দৃঢ় ইচ্ছাশক্তি ও সংকল্প ভাঙতে ব্যর্থ হয়ে লড়াই গাজা উপত্যকায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।