আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করে জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। জেনারেল আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেয়া হয়েছে।
তালেবান আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার পর মাত্র দু’মাস আগে নিয়োগ পাওয়া জেনারেল আহমাদজাইকে সরিয়ে দেয়া হলো। সাম্প্রতিক সময়ে যুদ্ধ তীব্রতর হওয়ার পর সেনাপ্রধানকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। কয়েকদিন আগে একাধিক আফগান সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে তাকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছিলেন।
এদিকে, একসময় আমেরিকার কূটনৈতিক বিশেষজ্ঞ মনে করেছিলেন, আঞ্চলিক রাজধানীগুলো দখল করলেও এখন কাবুলে ঢুকবে না তালেবান সেনারা। আলোচনার রাস্তা খোলা রাখবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ভাবনা থেকে সরে গেছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করছেন, আগামী তিন মাসের মধ্যে কাবুল সম্পূর্ণ ভাবে দখল করে নেবে তালেবান বাহিনী। ক্ষমতা সম্পূর্ণভাবে নিজেদের হাতে নেবে।
এই পরিস্থিতিতে তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বুধবার দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে এরদোয়ান জানিয়েছেন, তালেবানের সঙ্গে বৈঠকে আগ্রহী তিনি। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য এই বৈঠক করতে চান তিনি। ন্যাটোর যে বাহিনী এতদিন আফগানিস্তানে ছিল, তাতে তুরস্কের সেনাও ছিল।