আন্তর্জাতিক ডেস্ক : অদ্ভুত এক ঘটনার সাক্ষী থাকলো ভারতের ওড়িশা প্রদেশ। সাপের ছোবলের পালটা সাপকেই কামড়ে দিলো এক আদিবাসী যুবক। ফল হল অবিশ্বাস্য। মৃত্যুর কোলে ঢলে পড়লো সাপটিই! ওড়িশার জয়পুরের এক প্রত্যন্ত গ্রামে ঘটেছে এই আশ্চর্য ঘটনা।
ধানক্ষেতের কাজ সেরে রাতেবেলা বাড়ি ফিরছিলেন কিশোর বদরা নামের এক যুবক। অন্ধকার মাঠের আড়ালেই লুকিয়ে ছিল কেউটে সাপটি। তার গায়ে পা পড়তেই আত্মরক্ষার্থে কামড় বসিয়ে দেয় কিশোরের পায়ে। আতঙ্কে মাথাখারাপ হয়ে যায় তার। সাপটাকে নিজের হাতে ধরে ফেলে। আর তারপর বসিয়ে দেয় কামড়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে কিশোর বলেন, 'কাল রাতে বাড়ি ফেরার পথে আচমকাই বুঝতে পারি কী যেন আমার পায়ে কামড়ে দিয়েছে। টর্চ জ্বালাতেই দেখতে পাই একটা কেউটে সাপ। বদলা নিতে আমি ওটাকে হাতে তুলে নিয়ে কামড় বসিয়ে দিই।''
তিনি লক্ষ করেন সাপটি নিস্তেজ হয়ে পড়ছে। এরপরই পরিষ্কার হয়ে যায়, মৃত্যু প্রাপ্তি ঘটেছে সেটির। সাপটিকে হাতে ঝুলিয়ে বাড়ি ফিরে আসেন কিশোর। স্ত্রীকে সগর্বে জানান নিজের কীর্তির কথা। দ্রুতই গ্রামে চাউড় হয়ে যায় আজব এই ঘটনা। লোকে ছুটে আসে কিশোরকে দেখতে। ভিড় জমতে থাকে কিশোরের বাড়িতে। এমন ঘটনার কথা যে তারা কেউই কোনওদিন শোনেননি!
কিন্তু সাপের কামড়ে কিশোরের কোনও ক্ষতি হয়নি? কিশোর জানাচ্ছেন, কোনও অসুবিধাই হয়নি তাঁর। আর সেই কারণেই গ্রামের বহু লোকের পীড়াপীড়ি সত্ত্বেও তিনি স্থানীয় হাসপাতালে যাননি। কিন্তু সত্যিই কি কোনও অসুবিধা হচ্ছে না তার? কিশোর জানাচ্ছেন, ”এমনকী ওই বিষাক্ত সাপটিকে কামড়ে দেওয়ার পরেও আমার শরীরে কোনও অসুবিধা হয়নি। তবে আমি স্থানীয় এক ওঝার কাছে গিয়েছিলাম। আর কোথাও যাওয়ার দরকার পড়েনি।”