দিল্লির একটি আদালতে দুপক্ষের গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতের মধ্যে কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগী রয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকজন দুষ্কৃতকারী আইনজীবীর পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।
আদালতে দুপক্ষের গোলাগুলির মধ্যে পাল্টা গুলি চালায় দিল্লি পুলিশ। পুলিশের গুলিতেই দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবারের এই ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে। গোলাগুলিতে সেখানে কর্মরত এক নারী আইনজীবীও আহত হয়েছেন।