শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪০:২৬

জাতিসংঘের স্বীকৃতি যে 'টোপ' দিলো তালেবান

জাতিসংঘের স্বীকৃতি যে 'টোপ' দিলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : গনি সরকারকে হটিয়ে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালেবান। তবে মসনদে বসলেও এখনও আন্তর্জাতিক মঞ্চের স্বীকৃতি পায়নি তারা। ফলে বিশ্বের কাছে ‘মান্যতা’ পেতে মরিয়া তালেবান। 

আর সেই মর্মে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার আরজিও জানিয়েছিল তারা। যদিও তাতে বিশেষ ফল হয়নি। তাই এবার জাতিসংঘে প্রতিনিধিত্ব পেতে কার্যত ‘টোপ’ দিল তালেবান।

রুশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগান কার্যনির্বাহী সরকারের তথ্য-সংস্কৃতি মন্ত্রী জাবিউল্লা মুজাহিদ বার্তা দিয়েছে যে, জাতিসংঘে তালেবানকে বক্তব্য পেশ করার সুযোগ দিলে আমেরিকা, ইউরোপ ও অন্য দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করবে তারা। 

মুজাহিদের কথায়, “যদি আমার ভাই সোহেলকে আমাদের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ মান্যতা দেয়, তাহলে স্বাভাবিকভাবেই আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করবেন তিনি। এছাড়া অন্য মুসলিম দেশগুলির সঙ্গেও দীর্ঘ মেয়াদী সহযোগিতা তৈরি করার চেষ্টা করবেন তিনি। এটাই আমাদের প্রাথমিক কাজ।” 

একই সঙ্গে জাতিসংঘে স্বীকৃতি পেতে কাতারের মতো ‘বন্ধু’ দেশের মদত চেয়েছে মুজাহিদ। উল্লেখ্য, এই সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে চায় তালেবান। তালেবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি সংঘের মহাসচিব অ্যান্টনিও গুত্তেরেসকে সোমবারই এই আরজি জানিয়ে চিঠি লিখেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে