আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান দখলের পরই পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ঠোকাঠুকি শুরু হয়ে গেল তালেবানের। এবার পাক প্রধানমন্ত্রীকে 'তোতাপাখি' এবং শক্তিহীন বলল জেহাদি সংগঠনটি।
সেই তালেবান সাফ জানিয়ে দিল, তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে পাকিস্তানকেও ছেড়ে কথা বলবে না তালেবান। আফগানিস্তানের সরকার গঠন নিয়ে তালেবানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। জেহাদি সংগঠনটির একাধিক গোষ্ঠী ক্ষমতা দখলের লোভে নিজেদের মধ্যে রীতিমতো কামড়া-কামড়ি শুরু করে দিয়েছে।
আর সেটা নিয়েই দিন দুই আগে উদ্বেগ প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথায়, আফগানিস্তানে কারোর হাতের পুতুল বা তোতাপাখির মতো সরকারকে মানুষ সমর্থন করবে না। এমন সরকার তৈরি হলে সেটা হবে আফগানিস্তানের মানুষের অপমান। তারা এমন সরকারকে মানবে না।”
ইমরানের আশঙ্কা ছিল, আফগানিস্তানের নতুন সরকারকে প্রকারন্তরে আমেরিকাই পরিচালনা করবে। এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তালেবান। জেহাদি সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, ''ইমরান খান নিজেই তো মনোনীত প্রধানমন্ত্রী। ও একটা তোতাপাখি। আমরা যেমন অন্য দেশের বিষয়ে নাক গলাই না, তেমনই অন্য কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে সেটা বরদাস্ত করা হবে না।”