আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের আকাশসীমায় ড্রোন পাঠানো বন্ধ করা না করলে পরিণতির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে তালেবান। বুধবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে কাবুলের নতুন শাসক দল এই হুঁশিয়ারি দিয়েছে।
তালেবানের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে এসব ড্রোন অপারেশন চালিয়ে যুক্তরাষ্ট্র সব আন্তর্জাতিক অধিকার ও আইনের পাশাপাশি কাতারের দোহায় দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। নেতিবাচক পরিণতি ঠেকাতে আমরা সব দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানকে আন্তর্জাতিক অধিকার, আইন এবং প্রতিশ্রুতির আলোকে বিবেচনার আহ্বান জানাচ্ছি।
তালেবানের এই বিবৃতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। গত মাসে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তাদের দাবি ইসলামিক স্টেট এবং আল কায়েদার কার্যক্রম আফগানিস্তানে নেই। যদিও সম্প্রতি জালালাবাদে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।