শুক্রবার, ০১ অক্টোবর, ২০২১, ১০:০৩:৪৬

আজারবাইজানের সঙ্গে উত্তেজনা চরমে! ট্যাংক, হেলিকপ্টার, কামান নিয়ে ইরানি সেনারা

আজারবাইজানের সঙ্গে উত্তেজনা চরমে! ট্যাংক, হেলিকপ্টার, কামান নিয়ে ইরানি সেনারা

পূর্ব ঘোষণা অনুযায়ী আজারবাইজান সীমান্তে ব্যাপক পরিসরে সামরিক মহড়া শুরু করেছে ইরান। এর ফলে প্রতিবেশী দেশটির সঙ্গে উত্তেজনা চরমে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা। তেহরান বলছে, আজারবাইজান সীমান্তে ইসরাইল ও ইরানের উপস্থিতি উদ্বেগজনক হারে বেড়েছে। 

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে ট্যাংক, হেলিকপ্টার, কামান নিয়ে মহড়া চালাচ্ছেন সেনারা। 

ইরানের সেনাবাহিনী বলছে, এ অঞ্চলে প্রথমবারের মতো নিজেদের তৈরি দূরপাল্লার ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরীক্ষা চালানো হচ্ছে। তেহরান জানিয়েছে, তার চিরশত্রু ইসরাইলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন তারা। তেলআবিব আজারি সেনাবাহিনীকে উচ্চ প্রযুক্তির অ্যাসল্ট ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি ইরানের।  গত বছর কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে ৪৪ দিনের যুদ্ধে আজারবাইজান এসব সামরিক সরঞ্জামের সুবিধা নিয়েছে। 

এদিকে বৃহস্পতিবার তেহরানে আজারবাইজানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে ইরান।  পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহহিয়ান আজারি রাষ্ট্রদূতকে সতর্ক করেন।  এ সময় তিনি এই অঞ্চলে জাতীয় নিরাপত্তার স্বার্থে ইহুদি রাষ্ট্রের উপস্থিতি সহ্য করা হবে না বলেও জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে