আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুস্ত আফগানদের জন্য সহায়তা পাঠাচ্ছে তুরস্কের রেড ক্রিসেন্ট। শুক্রবার সংস্থাটির প্রধান কেরেম কিনিক এ তথ্য জানান। কেরেম কিনিক বলেন, আফগানিস্তানের জন্য সহায়তা পাকিস্তান হয়ে কাবুলে পাঠানো হবে। এসব খাবার এক মাস ১৬ হাজার মানুষকে সরবরাহ করা যাবে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, আফগানিস্তানে গত কয়েকমাসে কমপক্ষে ৫ লাখের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। স্বাস্থ্য পরিষেবা, স্কুল এবং অর্থনীতি ভেঙে পড়লে এ সংখ্যা আরও বাড়বে।
তুরস্কের রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট কেরেম বলেন, আফগানিস্তানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। তুর্কি রেড ক্রিসেন্ট মার্কিন সেনা প্রত্যাহারের আগে তালেবান নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সহায়তা দিয়েছিল এবং প্রত্যাহারের পর সাহায্য প্রদানে কোনো সমস্যা হয়নি।
তুরস্কে বর্তমানে তিন লাখের মতো আফগান শরণার্থী রয়েছে। একই সঙ্গে দেশটিতে রয়েছে ৩৬ লাখের মতো সিরিয়ার শরণার্থী। এরপরও তুরস্ক নানাভাবে আফগানিস্তানকে সহায়তার চেষ্টা করে যাচ্ছে। কাবুল বিমানবন্দর পুনরায় সচল করে আন্তর্জাতিক ফ্লাইট চালুর করার জন্য কাতারের সঙ্গে কাজ করছে তুরস্ক। টোলো নিউজ